মায়ের মৃত্যুতে তারেক রহমানের আবেগঘন বার্তা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:০০
মা, যিনি ছিলেন আশ্রয়, শক্তি ও সাহসের শেষ ঠিকানা। সেই মাকেই হারালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মায়ের মৃত্যুর খবর জানিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আবেগঘন শোকবার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।তিনি লেখেন, আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তারেক রহমান বলেন, অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।তারেক রহমান লেখেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও, তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক; এমন একজন আলোকবর্তিকা যাঁর অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে।শোকবার্তায় তারেক রহমান উল্লেখ করেন, দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।শেষে তারেক রহমান দেশবাসীর কাছে তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।
ইউডি/এআর

