রাজধানীতে সড়ক দুর্ঘটনা বাবা-মেয়েসহ তিনজন নিহত
উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২০:৫০
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা ও মহাখালী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে এসব দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও সাতরাস্তা এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী দৃষ্টিপ্রতিবন্ধী রফিকুল ইসলাম (৪০) ও তার মেয়ে তানজিলা (১২) নিহত হন। এ ঘটনায় তাদের ছেলে নুর ইসলাম গুরুতর আহত হয়েছেন।
নিহত রফিকুল ইসলামের ভাতিজা আব্দুর রাকিব জানান, রফিকুল ইসলাম পরিবারসহ মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাস করতেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তার দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
রাকিব আরও জানান, মঙ্গলবার রাতে রফিকুল ইসলাম দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জটিয়াবো গ্রামে যাওয়ার উদ্দেশে বের হন। মগবাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় মহাখালী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে সাতরাস্তা এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত নুর ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে একই ভোরে মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হন। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত নুর ইসলামকে ভর্তি করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, ভোরে তেজগাঁও এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। মহাখালী এলাকায় নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে পুলিশ কাজ করছে।
ইউডি/এআর

