এলপিজি আমদানিতে ভ্যাট কমানোর প্রস্তাব, এনবিআরকে জ্বালানি মন্ত্রণালয়ের চিঠি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২১:১৫
দেশে চলমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ সংকট মোকাবিলা ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে বিদ্যমান ভ্যাট (মূসক) কমানোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একটি সুপারিশপত্র পাঠানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে পাঠানো চিঠিতে এলপিজি আমদানিতে বর্তমানে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করা হয়। একই সঙ্গে স্থানীয় উৎপাদন বা রিফিলিং পর্যায়ে বিদ্যমান সাড়ে ৭ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে বর্তমান কর কাঠামোয় ছাড় দেওয়া জরুরি হয়ে পড়েছে। আমদানি ও স্থানীয় উৎপাদন— উভয় পর্যায়ে ভ্যাট কমানো হলে সরবরাহ ব্যবস্থায় গতি আসবে এবং সাধারণ ভোক্তারা সরাসরি এর সুফল পাবেন।
এনবিআর সূত্র চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
এনবিআরের ভ্যাট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা প্রস্তাবটি পেয়েছি এবং এটি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য হারে কমার সম্ভাবনা তৈরি হবে। এতে করে চলমান সরবরাহ সংকটের মধ্যে সাধারণ ভোক্তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও অর্থনৈতিক চাপ কিছুটা লাঘব হতে পারে।
এখন এনবিআর আমদানিকারক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।
ইউডি/এবি

