জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪৩ জন
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ০৮:০০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। ‘ডি’ ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৫ হাজার ৮২৬টি। অর্থাৎ, প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন প্রায় ৪৩ জন শিক্ষার্থী।
আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সানজিদা ফারহানা এসব তথ্য নিশ্চিত করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বলেন, ‘ডি’ ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৮২৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন প্রায় ৪৩ জন শিক্ষার্থী। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা।
ডিন আরও বলেন, জবি ক্যাম্পাসসহ ঢাকার মোট ৫টি কেন্দ্রে একযোগে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://jnuadmission.com -এ প্রবেশ করে ইউজার আইডি দিয়ে লগইন করে নিজ নিজ কেন্দ্র ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
ইউডি/কেএস

