ছুটির দিন জমজমাট বাণিজ্য মেলা, বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৯ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৪:১৫
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ৩০তম আসর। এবারের মেলা আয়োজনে আজই প্রথম শুক্রবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা আরও জমে ওঠার আশা ব্যবসায়ীদের।
শুক্রবার (৯ জানুয়ারি) বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সকাল থেকেই মেলায় বেড়েছে দর্শনার্থীর ভিড়। পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে দূর-দূরান্ত থেকে এসেছেন অনেকে। সঙ্গে এনেছেন পরিবারের ছোট সদস্যদেরও।
এবারের বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে কাশ্মীরি শাল, জামা, কার্পেট, তুর্কি মোজাইক, ল্যাম্প আর রঙিন ঘর সাজানোর জিনিস। ঘুরতে আসা নারীদের বেশি টানছে অ্যালুমিনিয়ামের দোকানগুলো।
এদিকে রাজধানীর যানজট এড়াতে অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক বাইকের দিকে। আবার জ্বালানির বিকল্প হিসেবে এই বাইকগুলোকে বেশি সহজলভ্য ভাবছেন তারা। তাই ইলেকট্রিক বাইকের দোকানগুলোতেও দেখা যায় চোখে পড়ার মতো ভিড়।
গত ছয়দিনে কাঙ্ক্ষিত বেচাকেনা না হলেও আজ ভিড় বেশি হওয়ার ভালো ব্যবসার আশা করছেন স্টল প্রতিনিধিরা। নানা রকমের অফার দিয়ে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করছেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, মাসব্যাপী এ আয়োজনের প্রথম ছুটির দিনে মেলা জমে উঠেছে। দিন যত যাবে বিক্রিও ততই বাড়বে।
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই বাণিজ্য মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
ইউডি/কেএস

