জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ২৫৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ২৫৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২৩:০০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘এক বাক্সে’ ভোট দেওয়ার কৌশল নিয়ে আসন সমঝোতা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৫৩টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বাকি ৪৭টি আসনের প্রার্থী তালিকা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। 

জোটের শরিকদের পক্ষে আসনের তালিকা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। 

ঘোষিত তালিকা অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩০টি আসন। এছাড়া অন্যান্য শরিকের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলামী পার্টি ২টি আসন পেয়েছে।

আসন বণ্টনে অন্যতম আলোচিত বিষয় ছিল পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসন। সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই আসনে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের প্রার্থী হওয়ার কথা থাকলেও তিনি জোটের বৃহত্তর স্বার্থে সারজিস আলমকে সমর্থন জানিয়েছেন। 

আসন সমঝোতা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর আয়োজিত এই সংবাদ সম্মেলনে যোগ দেয়নি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান ব্যাখ্যা করতে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন। 

প্রাথমিক তালিকায় খেলাফত আন্দোলন ও জাগপার নাম না থাকলেও ডা. তাহের জানিয়েছেন, খেলাফত আন্দোলনের বিষয়ে আলোচনা চলছে এবং পরবর্তীতে তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এছাড়া জাগপা নেতা রাশেদ প্রধান জোটের প্রার্থীদের পক্ষে মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading