মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ৫

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৩৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের টানা ৪ ঘণ্টা সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরিত হয়। ভাঙচুর করা হয় বসতঘর ও দোকানপাট। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— শহরের কালিবাড়ি এলাকার হাফেজ মহসিনের ছেলে মো. ইমদাদুল ও একই এলাকার শহীদ মিয়ার ছেলে সাগর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে দুইমাস আগে সবুজবাগ ও সদর উপজেলা এলাকার কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ফুটবল খেলা নিয়ে মারামারি হয়। এরই সূত্র ধরে সবুজবাগ এলাকার নিশাদ বেপারী ও সদর উপজেলা জিদান গ্রুপের মধ্যে রবিবার রাতে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র, হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় অর্ধশত হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েকটি বসতঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র থাকায় কিছু সময় লাগে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading