নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন সেনাপ্রধান
উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট :১২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনের নিরাপত্তা, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানকালীন অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানা থেকে ৩ হাজার ৬১৯টি অস্ত্র লুট হয়েছিল।
কঠোর অভিযানের মাধ্যমে এ পর্যন্ত ২ হাজার ২৫৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা মোট লুট হওয়া অস্ত্রের ৬২.৪ শতাংশ।লুট হওয়া গোলাবারুদের হিসাব দিয়ে তিনি বলেন, ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছিল, যার মধ্যে ২ লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড উদ্ধার করা হয়েছে।
অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আশ্বস্ত করে বলেন, ‘নির্বাচনের সময় জনমনে স্বস্তি নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীসহ সব বাহিনী পারস্পরিক আলোচনার ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছে।
গৃহীত পদক্ষেপগুলো কার্যকর হলে জাতিকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব।’সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রয়োজন হলে সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করতে পারবেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও বাহিনীগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।সভায় স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সহকারীরা, মন্ত্রিপরিষদ সচিব, নৌ ও বিমানবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনে ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রচার আজ মধ্যরাত থেকেই শুরু হবে।
ইউডি/এআর

