নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৫:০৫

কেরাণীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে।”

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

কেরাণীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে বৃহস্পতিবার রাতে হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নানা ধরনের অরাজকতা চালাচ্ছে।”

তিনি বলেন, “হাসান মোল্লার ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে, তারা আরো বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।”

বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর ওপর জোর দেন তিনি।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ সৃষ্টি করতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading