খালেদা জিয়াকে মরণোত্তর সম্মাননা দেবে চট্টগ্রাম প্রেস ক্লাব
উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, আপডেট ২২:০০
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব।গত ১৯ জানুয়ারি প্রেস ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী থাকাকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংকটময় সময়ে ১৯৯৫ সালে বেগম খালেদা জিয়া ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ২০০১ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাধ্যমে চট্টগ্রামের সাংবাদিকদের জন্য কল্পলোক আবাসিক এলাকায় ভূমি বরাদ্দের ব্যবস্থা করেন।
সাংবাদিক সমাজের প্রতি তার এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় আরও উল্লেখ করা হয়, এর আগে ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের সাংবাদিকদের আবাসিক সংকট নিরসনে নগরীর বায়েজিদ এলাকায় নামমাত্র মূল্যে ১৬ একর জমি বরাদ্দ দিয়েছিলেন।ব্যবস্থাপনা কমিটির সভায় বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ছিলেন একজন সফল, সৎ ও আদর্শ রাজনীতিবিদ।
তাঁর নেতৃত্বকালেই বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান দেশ ও জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সহ-সভাপতি ডেইজি মওদুদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী সদস্য সালেহ নোমান, রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমেদ শাহ।
সভা শেষে জানানো হয়, চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে মরণোত্তর সম্মাননা প্রদানের কর্মসূচি ঘোষণা করা হবে।
ইউডি/এআর

