বিশ বছরের তরুণী হচ্ছেন স্পেনের রাণী!
উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৫:০০
বিশ বছর বয়সী রাজকুমারী লিওনরের স্বাভাবিক বয়সের ছেলেমেয়েদের মতো বিশ্ববিদ্যালয় কিংবা বন্ধুদের আড্ডায় সময় কাটানো নয়।
তিনি প্রস্তুতি নিচ্ছেন স্পেনের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য।প্রায় দেড়শ বছর পর স্পেনের সিংহাসনে একজন নারী শাসকের অভিষেক ঘটতে চলেছে।
রাজা ফেলিপে ষষ্ঠের বড় কন্যা লিওনরই হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাণী, যা স্পেনের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করবে।
২০০৫ সালে জন্ম নেওয়া লিওনরের শৈশব থেকেই প্রতিটি পদক্ষেপ ছিল সিংহাসনের লক্ষ্য সামনে রেখে। সাধারণ পড়াশোনার পাশাপাশি তিনি রপ্ত করেছেন সাংবিধানিক আইন, আন্তর্জাতিক সম্পর্ক এবং একাধিক ভাষা।
বর্তমানে স্পেনের রাজতন্ত্রের নিয়ম অনুসারে তিনি সামরিক একাডেমিতে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন। ভোরের ব্যায়াম থেকে শুরু করে রণকৌশল শিক্ষা—সবই তার দৈনন্দিন জীবনের অংশ।
ভবিষ্যৎ রাণী হিসেবে তাকে সশস্ত্র বাহিনীর সর্বাধিক দায়িত্ব পালন করতে হবে।স্পেনের ইতিহাসে সর্বশেষ নারী শাসক ছিলেন দ্বিতীয় ইসাবেলা, যিনি উনিশ শতকে রাজত্ব করেছিলেন। লিওনরের অভিষেকের পর তিনি আধুনিক স্পেনের প্রথম নারী শাসক হবেন।
রাজতন্ত্রের দীর্ঘ উত্থান-পতন ও গণতন্ত্রের পথ পেরিয়ে এই তরুণী এখন স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠেছেন। তার আত্মবিশ্বাসী ভাষণ ও মার্জিত উপস্থিতি ইতিমধ্যেই স্প্যানিশ জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।
লিওনরের এই প্রস্তুতি শুধুই পরিবারের উত্তরাধিকার রক্ষা নয়, বরং একবিংশ শতাব্দীতে রাজতন্ত্রকে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করার একটি বড় চ্যালেঞ্জ।
ইতিহাস ও আধুনিকতার সেতুবন্ধন হয়ে তিনি যেভাবে নিজেকে গড়ে তুলছেন, তা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
দেড়শ বছর পর স্পেনের সিংহাসনে একজন নারীর অভিষেক দেশটির রাজনৈতিক মানচিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে।
ইউডি/এআর

