বিক্ষোভ সমাবেশে হঠাৎ বজ্রপাত, আহত ৮৯
উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, আপডেট ১:৫৮
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের বিক্ষোভ সমাবেশ চলাকালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ বিভাগ।
সোমবার (২৬ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গত বছর অনুষ্ঠিত নির্বাচনে সামান্য ব্যবধানে পরাজয়ের পর ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার অভিযোগে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এর প্রতিবাদে বৃষ্টির মধ্যেই রাজধানী ব্রাসিলিয়ায় হাজারো সমর্থক বিক্ষোভে অংশ নেন।অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঙিন ছাতা ও প্লাস্টিক কভার পরা বিক্ষোভকারীরা হঠাৎ তীব্র আলোর ঝলকানি ও বজ্রগর্জনের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন।
মুহূর্তের মধ্যে চারদিকে ছোটাছুটি শুরু হয়, সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।ব্রাজিলের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই অন্তত ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ব্রাজিলের আইনপ্রণেতা নিকোলাস ফেরেইরা।
তিনি সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর জন্য সাধারণ ক্ষমার দাবিতে এ কর্মসূচির ডাক দেন।বর্তমানে জইর বলসোনারো ব্রাসিলিয়ার পাপুদা পেনিটেনশিয়ারি কমপ্লেক্সে বন্দি রয়েছেন।
২০১৮ সালের নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
এ ছাড়া কুঁচকির হার্নিয়া অস্ত্রোপচার ও দীর্ঘস্থায়ী হেঁচকির চিকিৎসার জন্য গত ডিসেম্বরে এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি।
চলতি মাসের শুরুতে কারাগারে পড়ে যাওয়ার পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউডি/এআর

