রমজানের ছুটি বহাল রাখতে চায় মাউশি

রমজানের ছুটি বহাল রাখতে চায় মাউশি

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২২:০৫

পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখতে চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

রবিবার (৮ ফেব্রুয়ারি) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বিএম আব্দুল হান্নানের সই করা এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

চিঠিতে রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং শুক্র ও শনিবারকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মাউশি।

প্রসঙ্গত, ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা রমজান মাসে ১৫ দিন শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশনা ছিল।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী সম্প্রতি পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং শুক্র ও শনিবারকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার জন্য মাউশিতে আবেদন করেন।

এতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৮ ডিসেম্বর জারি করা বার্ষিক ছুটির তালিকায় রমজানে ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়, রমজান মাসে রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা অত্যন্ত কষ্টকর। বিশেষ করে সারা দিন রোজা পালন করে সন্ধ্যায় তারাবিহ নামাজ আদায় করা আরও বেশি কঠিন হয়ে পড়ে।

এছাড়াও ১৩ ও ১৪ মার্চ, ২০ ও ২১ মার্চ, ২৯ ও ৩০ মে এবং ২৫ ও ২৬ ডিসেম্বর, এই মোট আট দিনের সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির সঙ্গে গণনা করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের চিঠিতে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজীর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আবেদনপত্রটি পরবর্তী কার্যার্থে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী বলেন, রমজান মাসে স্কুলের ছুটি বহাল রাখার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে মাউশির মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন। আমরা আশা করছি, যৌক্তিক এ দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading