নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: মহাপরিচালক

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৫৫

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত সব দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে দায়িত্ব পালন করবে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সিভিল প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখে সারা দেশের ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯ উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এ ছাড়া, ঝুঁকিপূর্ণ বিবেচনায় দেশের ৩০০ সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে।

নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখবে বলেও তিনি জানান।

সমন্বয় সভা শেষে মহাপরিচালক নির্বাচনী বেইজ ক্যাম্পে দায়িত্ব পালনকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্বাচনের বাকি সময় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলার আহ্বান জানান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading