নির্বাচনের পর পুঁজিবাজারের উত্থান

নির্বাচনের পর পুঁজিবাজারের উত্থান
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:০৫

দীর্ঘ প্রতীক্ষা, রাজনৈতিক মেরুকরণসহ নানান অনিশ্চয়তার মেঘ কাটিয়ে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজনৈতিক অনিশ্চয়তা কাটতেই ঘুরে দাঁড়াল পুঁজিবাজার।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে টাকার পরিমাণে লেনদেন অনেক বেড়েছে। পাশাপাশি উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

সরকার গঠনের প্রেক্ষাপটকে সামনে রেখে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগমুখী হচ্ছেন। ফলে পুঁজিবাজারে নতুন করে গতি ফিরতে শুরু করেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন সরকার গঠনের পর বাজার পরিস্থিতি আরও স্থিতিশীল হবে—এমন আশায় বিনিয়োগকারীরা আবারও পুঁজিবাজারমুখী হচ্ছেন। সূচক বাড়লেও বড় ধরনের দরপতনের আশঙ্কা নেই বলে মনে করছেন তারা। ফলে এই সময়ে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে প্রত্যাশিত মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০০ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ৩০.৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮৬.১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৬৪টি কোম্পানির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত আছে ৪টির।

এ দিন ডিএসইতে মোট ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৮৩.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫৫৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে, শরিয়াসূচক ১৯.১৯ পয়েন্ট বেড়ে ৯৩৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৯৬.৪১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২২টি কোম্পানির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত আছে ৮টির।

এ দিন সিএসইতে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রথম কার্যদিবস (৬ আগস্ট) ডিএসইর ডিএসইএক্স সূচক ১৯৭.১৫ পয়েন্ট এবং সিএসইর সিএএসপিআই সূচক ৪৬৭.১০ বেড়েছিল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading