পুলিশের অভিযানে সিলেটে আটক ১২২৫ বোতল বিদেশি মদ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৫৯
সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় দুই যুবককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে কোম্পানিগঞ্জের ইসলামপুর ইউনিয়নের নোবাগি এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই মদের চালানটি জব্দ করে পুলিশ।
গ্রেফতাররা হলেন: রাকিবুল ইসলাম রুবেল বাজিতপুর থানার চদ্রগ্রাম এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে। তিনি ঢাকার মুগদার দক্ষিণ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড এলাকার ৪৩/এ নং বাসায় বাসিন্দা। সাগর মোল্লা (৩৪) মানিকগঞ্জের হরিরামপুর থানার হালিয়াঘাট এলাকার মৃত খোকন মোল্লার ছেলে। তিনি ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইল কাঠেরপুল এলাকায় বাসিন্দা।
জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৌঁছে দিতে একটি মাইক্রোবাসে ১২ শতাধিক বোতল ইন্ডিয়ান নানা ব্র্যান্ডের মদ বহন করে নিয়ে যাওয়া হচ্ছিলো। সঙ্গে থাকা দুজন ব্যক্তি শেষ রাতের দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাস বোঝাই করে রওনা করলেও গোপন সংবাদ ছিলো পুলিশের কাছে।
কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোর রাতে কালো রঙের মাইক্রোবাসটিকে সিগনাল দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধরে ফেলতে সক্ষম হন পুলিশ সদস্যরা, গাড়িতে বিপুল পরিমাণে বিদেশি মদের বোতল থাকায় প্রথমে কিছুটা অবাকই হন পুলিশ কর্মকর্তারা। পরে চালক জানান, গন্তব্য ছিলো রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা।
গাড়িতে থাকা মাদকের হিসেব থেকে পুলিশ জানায়, সর্বমোট কয়েকটি ব্রান্ডের ১২২৫ বোতল ইন্ডিয়া মদ নিয়ে যাচ্ছিলো চক্রটি। এ সময় যুবক রাকিবুল ইসলাম রুবেল ও মো. সাগর মোল্লাকে গ্রেফতার করা হয়। এই দুজন ছাড়াও চক্রের বাকি সদস্যদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
শফিকুল ইসলাম আরও বলেন, আটক মাদকের আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকার বেশি হতে পারে, আমরা গোপন সংবাদ পেয়ে চক্রের দুই সদস্যসহ এই চালানটি ধরতে সক্ষম হই। এ ঘটনায় বাকিদের ধরতেও চেষ্টা চলছে বলে জানান ওসি।
ইউডি/রেজা

