বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:০০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসেই ব্যস্ত সময়সূচি পালন করতে যাচ্ছেন তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর মাধ্যমে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।
একইদিন বিকেলে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ সচিবালয়ে বৈঠকে বসবেন।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।
প্রায় ৩৫ বছর পর দেশের জনগণ আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ।
১৯৯০ সালের পর দীর্ঘ সময় ধরে সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং শেখ হাসিনা। ফলে তিন দশকেরও বেশি সময় পর দেশের নেতৃত্বে পুরুষ প্রধানমন্ত্রী এসেছে।
ইউডি/এআর

