মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৫৫

রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা সিটি হাউজিং ও বসিলা ৪০ ফিট এলাকায় একাধিক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হুমকি দেওয়া স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে এলাকায় এনে তাকে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করে পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশেপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল ফারুক ও তার সহযোগীরা। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ শুরু করে থানা পুলিশ। এরইমধ্যে তার হুমকি দেওয়ার একাধিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ফারুক স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ। তাকে নিয়েই আমরা চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করছি। ফারুককে দেখিয়ে আমরা স্থানীয় সন্ত্রাসীদের চাঁদাবাজ ও দখলবাজদের বার্তা দিয়ে চাই। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বসিলায় দোকান ও মার্কেটে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যায় ফারুক। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ চাঁদাবাজকে সঙ্গে নিয়ে এলাকায় নিজ হাতে মাইকিং করেন। মাইকিংয়ে ওসি বলেন আপনারা কাউকে চাঁদা দিবেন না এই দেখেন চাঁদাবাজকে ধরেছি। কোথাও চাঁদাবাজ পেলে তাকে ধরে আমাদের খবর দেবেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading