নদীতে লাইটার নোঙর, খাদ্যপণ্য খালাসে দ্রুত পদক্ষেপের নির্দেশ নৌমন্ত্রীর

নদীতে লাইটার নোঙর, খাদ্যপণ্য খালাসে দ্রুত পদক্ষেপের নির্দেশ নৌমন্ত্রীর

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৪৫

আমদানিকৃত গম ও ভুট্টাবাহী লাইটার জাহাজ থেকে নির্ধারিত সময়ে খাদ্যপণ্য গুদামে খালাস না করে দীর্ঘদিন নদীতে নোঙর করে রাখার ঘটনায় জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

সরিজমিনে মন্ত্রী কয়েকটি লাইটার জাহাজ ৬ থেকে ১৮ দিন পর্যন্ত খাদ্যপণ্যসহ নোঙর করে রাখা হয়েছে বলে দেখতে পান। সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী এসব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও তা যথাসময়ে করা হয়নি।

মন্ত্রী বলেন, খাদ্যপণ্য জাহাজে অযৌক্তিকভাবে ফেলে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনও অপচেষ্টা বরদাশত করা হবে না। এতে বাজারব্যবস্থাপনা ও ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

এ সময় কর্মকর্তারা জানান, নৌপরিবহন অধিদফতরের অধীনে গঠিত টাস্কফোর্স নিয়মিত নদীপথে অভিযান ও তদারকি চালাচ্ছে। গত দেড় মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে ৮৩৮টি জাহাজ পরিদর্শন করা হয়েছে।

অনিয়ম প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী সংশ্লিষ্ট আমদানিকারক, পরিবহনকারী ও ব্যবসায়ীদের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান এবং খাদ্যপণ্য দ্রুত খালাস ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দেন।

পরিদর্শনকালে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এনডিসি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading