জুলাই গণহত্যাসহ গুম-খুনে জড়িতদের বিচারে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম
উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৫৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিলোপে গণহত্যার বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণহত্যা, গুম ও খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এনসিপি সোচ্চার থাকবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্বাগত বক্তব্য রাখেন প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এতে আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরাও অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, এক বছরে এনসিপি নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছে। শুধু এনসিপি নয়, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে পুরো বাংলাদেশই বহুমাত্রিক অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে। সেই সময়কে ধারণ করে দেশকে এগিয়ে নিতে যে নেতৃত্ব প্রয়োজন, এনসিপি তার অবস্থান থেকে সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছে।
তিনি বলেন, তাদের আরেকটি মূল প্রতিপাদ্য হলো “বিপ্লব, বিকল্প ও বিনির্মাণ।” বিপ্লবের শক্তি থেকেই বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে, যা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চায়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য—“দেশ আর যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে।”
ইউডি/এআর

