রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ২১:৫৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে— যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত। জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ায় যে গতি থাকার কথা ছিল, তা ব্যাহত হচ্ছে। সরকার বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, তা আমাদের জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করার জন্য তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

ইফতার মাহফিলে ব্রিটিশ, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাইকমিশনার এবং ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, ফিলিস্তিন, স্পেন ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন।

এনসিপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এমপি, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেলের উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম প্রমুখ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading