হাদি হত্যার আসামিদের দেশে ফেরানোর দাবিতে ঢাবিতে বিক্ষোভ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, আপডেট ২২:১৫
শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার আসামি ও শরিফ ওসমান হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিক্ষোভ মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর,হলপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভ মিছিলে দলটির নেতারা, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ সহ নানান স্লোগান দিতে দেখা যায় ।
সমাবেশ ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর বলেন, আমরা গত দুই-তিন দিন থেকে লক্ষ্য করছি অনলাইনে ছাত্রশক্তির বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাস চলছে, কলম সন্ত্রাস চলছে।
ছাত্রশক্তির নেতৃবৃন্দকে, তাদের যে ইমেজ—সেটিকে কলুষিত করার জন্য এক দল উঠেপড়ে লেগেছে। তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যতবার ছাত্রলীগ এসেছে, প্রত্যেকবার জাতীয় ছাত্রশক্তি তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে।
তিনি আরও বলেন, বিএনপি ছাত্রদলসহ সকল ছাত্রসংগঠনকে বলে দিতে চাই, আপনারা কিছু বিষয়ে এক জায়গায় আসেন। যদি আওয়ামিলীগ ফেরত আসে তাহলে ক্যাম্পাসগুলোতে আগেরমতো অবস্থা হবে, দেশের সব জায়গায় মাফিয়ারা মাথাচাড়া দিয়ে উঠবে।
সমাপনী বক্তব্যে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, জুলাই গণহত্যার পরিকল্পনা করা নেতারা এখন ভারতে তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে তাকে আগেই দেশে ফেরত পাঠাতো।
যখন শেখ হাসিনাকে কোনো দেশ আশ্রয় দেয় নাই, তখন এই ভারত সেই খুনীদের আশ্রয় দিয়েছে। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আপনারা দায়িত্বশীল আচরণ করে শহিদ হাদি হত্যার বিচারের জন্য তার খুনিদের অতিদ্রুত দেশে ফিরিয়ে আনবেন।
পাশাপাশি এই হত্যার পিছনের কারণ দেশের মানুষের কাছে উন্মোচন করবেন। কোনোভাবেই ছাত্রলীগকে ফেরানোর সুযোগ দেওয়া যাবে না বরং তাদেরকে ধরে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
ইউডি/এআর

