দ্বিগুণ দামে তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার
উত্তরদক্ষিণ। বুধবার (১১ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৩০
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দুই সপ্তাহ আগের তুলনায় বিশ্ববাজারে স্পট মার্কেট অর্থাৎ খোলাবাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। তাতে স্পট মার্কেট থেকে প্রায় দ্বিগুণ দামে তিন কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক সপ্তাহ আগেও দুই কার্গো এলএনজি দ্বিগুণ দামে আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত আজকের বৈঠকে ব্রিটেন ও দক্ষিণ কোরিয়ার দুই কোম্পানি থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। এক কার্গো এলএনজি আনা হচ্ছে ব্রিটেন টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে; আর দুই কার্গো আনা হচ্ছে দক্ষিণ কোরিয়ার পস্কো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে।
এক কার্গোতে থাকে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে এক কার্গো এলএনজি আনতে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার। আর পস্কো ইন্টারন্যাশনাল থেকে এলএনজি আনতে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২০ দশমিক ৭৬ ডলার।
তিন কার্গো এলএনজি আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ২ হাজার ৬৫৪ কোটি ৫৫ লাখ টাকা। চলতি বছরের ৫–৬ এপ্রিল এক কার্গো, ৯–১০ এপ্রিল এক কার্গো এবং ১২–১৩ এপ্রিল আরেক কার্গো এলএনজি আসবে দেশে। গত বছরের ৯ ডিসেম্বর যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি আনতে ব্যয় হয়েছিল ১০ দশমিক ৩৭ ডলার। তার আগে ৪ মার্চ গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ২৮ ডলার দরে এক কার্গো এবং ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে ২৩ দশমিক শূন্য ৮ ডলার দরে এক কার্গো এলএনজি আনার সিদ্ধান্ত হয়।
ইউডি/এবি

