জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার সিদ্ধান্ত
উত্তরদক্ষিণ। রবিবার(১৫ মার্চ) ২০২৬, আপডেট ০০:২০
ঈদযাত্রার বিবেচনায় দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে সীমা থাকবে না বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী।
রোজার ঈদ সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি চলবে বলে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবে জানিয়ে তারা বলেন, তখন জ্বালানি তেলে বর্তমান পরিস্থিতি ও সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।
রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, “এটা (রেশনিং তুলে নেওয়া) কালকে প্রেস রিলিজ দিয়ে আপনাদের জানাবে।
“হয়তো কালকে থেকে এটা উইথড্র করা হবে। কিন্তু কখন থেকে কার্যকর হবে সেটা প্রেস রিলিজ দেওয়ার পরই পরিষ্কার হবে।”
ঈদযাত্রা সামনে রেখে এই সিদ্ধান্ত কি না জানতে চাইলে তিনি বলেন, “সম্ভবত এরকমই। ঈদযাত্রা এবং কৃষি মৌসুমসহ মার্চ মাসটা খুব গুরুত্বপূর্ণ। এই সময় বিবেচনায় নিয়ে সরকার একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, সেটা আগামীকাল জানিয়ে দেওয়া হবে।”
ইউডি/এবি

