পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
উত্তরদক্ষিণ। রবিবার (১৫ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৪০
শেষ ওভারের দ্বিতীয় বলেই জয় পেতে পারতো বাংলাদেশ। রিশাদের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন শাহিন আফ্রিদি। উল্টো দিকে ঘুরে বলের লাইনেও গিয়েছিলেন রিশাদ, তবে ক্যাচটা নিতে ব্যর্থ হলেন। তাতে অবশ্য জয় হাতছাড়া হয়নি, শুধু অপেক্ষাটা বেড়েছিল। শেষ বলে শাহিন স্টাম্পড আউট হলে পাকিস্তানের ইনিংস থামে ২৭৯ রানে। আর তাতেই ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ।
বাংলাদেশ-পাকিস্তানের সবশেষ ওয়ানডে সিরিজ হয়েছিল ২০১৫ সালে, মিরপুর স্টেডিয়ামে। সেবার সফরকারীদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিল স্বাগতিকরা। মাঝে প্রায় ১১টি বছর কেটে গেলেও এই ফরম্যাটের কোনো সিরিজ হয়নি দুই দলের মধ্যে। দীর্ঘ সময় পর সেই একই ভেন্যুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় দুই দল।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো টাইগারদের। আর তাতেই তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। স্কোরবোর্ডে ১৭ রান যোগ করতেই টপ-অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে তারা। তবে এক প্রান্ত আগলে রেখে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক সালমান আলী আগা। তবে শেষ পর্যন্ত আর দলকে জেতাতে পারলেন না। ৪৮তম ওভারে বল করতে এসে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন তাসকিন আহমেদ। সেঞ্চুরি হাঁকানো সালমান আলী আগার উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ। ফেরার আগে ৯৮ বলে ১০৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেন সালমান আলী আগা।
ইউডি/এবি

