ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, আপডেট ১০:৫৫
হরমুজ প্রণালির কাছে আটকে থাকা আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকে এমটিও) তাদের ওয়েবসাইট ও এক্সে এই তথ্য প্রকাশ করেছে। খবর মিডল ইস্ট আইয়ের।
এতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে নোঙর করা একটি ট্যাঙ্কার মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে অজানা প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর) আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ওই সময়ে দেশটি ইরানের পক্ষ থেকে আসা বেশ কয়েকটি হামলার ঢেউয়ের মুখে ছিল।
ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত ইউকে এমটিও এই হামলার খবর জানিয়ে আরও বলেছে, জাহাজটি ফুজাইরাহ সংলগ্ন ওমান উপসাগরে ছিল। তারা জানায়, ট্যাঙ্কারটির ‘সামান্য কাঠামোগত ক্ষতি’ হয়েছে এবং কেউ আহত হয়নি।
সংস্থাটি আরও বলেছে, জাহাজগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এর আগে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল শিল্প অঞ্চলে ড্রোন হামলার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে প্রায় ২০টি জাহাজ হামলার শিকার হয়েছে। ইরানি হামলার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। উল্লেখ্য, এই সংকীর্ণ জলপথ দিয়েই বিশ্বজুড়ে ব্যবসা হওয়া তেল ও প্রাকৃতিক গ্যাসের ২০ শতাংশ পরিবাহিত হয়।
ইউডি/রেজা

