ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১১:২০
ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃষ্টি ও যানজট মিলিত হয়ে বড় ভোগান্তি সৃষ্টি করেছে। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের তথ্য জানা গেছে। এছাড়া চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাতেও যানজট তৈরি হয়েছে।
বৃষ্টির কারণে বুধবার সন্ধ্যার পর রাত পর্যন্ত গণপরিবহন সংকট দেখা দেয়। অনেক যাত্রী গ্রামের বাড়ি না পৌঁছে আবার বাসায় ফিরে আসেন। বৃহস্পতিবার ভোর থেকে আবার যাত্রা শুরু হলেও মৌচাক ও সফিপুর এলাকার কাছাকাছি অনেক যাত্রীই যানজটের কবলে পড়েছেন।শাহিনা আক্তার নামে এক যাত্রী বলেন, বুধবার ইফতারের পর রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম। কিন্তু বৃষ্টি ও যানজটের কারণে বাস না পেয়ে আবার বাসায় ফিরতে হয়েছে।
আজ ভোরে ফের সেহরি খেয়ে বাসে উঠেছি। তবে বাকি পথ কেমন হবে জানি না।গাজীপুর সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জানান, যানজটের কারণে যাত্রীবাহী বাসগুলো নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না।
তবে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হবে।গাজীপুর সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বলেন, যাত্রী নিয়ে সন্ধ্যায় যে বাসগুলো উত্তরবঙ্গের দিকে গেছে, সেগুলো পৌঁছাতে সকাল হয়ে গেছে।
দুপুরের পর ছাড়া ওই বাসগুলো আর গাজীপুর ফিরে আসতে পারবে না। যার কারণে সড়কে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা কিছুটা কম। তবে দুপুরের পর এ সংকট থাকবে না। যানজটের কারণে নির্ধারিত সময়ে বাসগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে না।
নাওজোর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, বৃষ্টির কারণে যান চলাচল কিছুটা ব্যাহত হয়েছিল। সড়কে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে যানজট নিরসনের জন্য।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার পোশাক কারখানাগুলোর চতুর্থ ধাপের ছুটি শুরু হবে। আজ ৮৩৩টি কারখানা ছুটি ঘোষণা করা হবে। এবার ধাপে ধাপে পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় সড়কে যানজটের পরিমাণ কমে গেছে। যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন।
ইউডি/এআর

