রোহিঙ্গা শিবিরে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ মার্চ, ২০২৬, আপডেট ১৯:৪০
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয় শিবিরে বস্তাবন্দি অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের ই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিশুটির নাম নূর হালিমা (৩)। সে ওই ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা নূর আলমের মেয়ে। তার ক্যাম্প নিবন্ধন নম্বর (এমআরসি) ১৮২০৭-ই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ই ব্লক সংলগ্ন একটি ময়লার স্তূপের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় রোহিঙ্গাদের। পরে বস্তার ভেতরে শিশুটির মরদেহ দেখতে পেয়ে তারা দ্রুত বিষয়টি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কুতুপালং পুলিশ ক্যাম্পকে জানায়।খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উখিয়া থানাকে জানান। পরে থানা-পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ এবং কীভাবে তার মরদেহ বস্তাবন্দি অবস্থায় সেখানে এল, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।উখিয়া থানার ওসি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইউডি/এআর

