সাতক্ষীরায় ফুয়েল কার্ডের বিধান বাতিল
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, আপডেট ১৫:৫৫
মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। বুধবার রাতে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, মোটরসাইকেলে তেল নিতে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড থাকতে হবে। এতে নির্ধারিত সময়ের মধ্যে ও প্রয়োজনীয় কাগজপত্রসহ তেল সংগ্রহ করার নির্দেশনাও দেওয়া হয়।
তবে এই ঘোষণাটি প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দেয়। এ কারণে আজ বৃহস্পতিবার সকালেই দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফুয়েল কার্ড সংক্রান্ত নির্দেশনাটি প্রত্যাহার করে জেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জানান, ঘোষণার পর জেলা প্রশাসক সংশ্লিষ্ট ধারা বাতিল করেছেন। এজন্য মোটরসাইকেলে তেল নিতে আর ফুয়েল কার্ডের প্রয়োজন হবে না। বৈধ কাগজপত্র থাকলেই চালকেরা জ্বালানি সংগ্রহ করতে পারবেন।
জানতে সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতারের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। তবে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস বলেন, জনমনে প্রতিক্রিয়া তৈরি হওয়ায় ফুয়েল কার্ডের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
যদিও জেলা প্রশাসনের অন্যান্য নির্দেশনা বহাল রয়েছে বলেও জানান রিপন বিশ্বাস। তিনি বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। তেল নেওয়ার সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে। পাশাপাশি হেলমেট পরিধান বাধ্যতামূলক। এ ছাড়া প্লাস্টিকের বোতল, ড্রাম বা অন্য কোনো কনটেইনারে জ্বালানি তেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের কেনাবেচাও বন্ধ থাকবে।
ইউডি/রেজা

