বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলাম

বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলাম

উত্তরদক্ষিণ। শবিবার, ২৮ মার্চ, ২০২৬, আপডেট ২০:৫০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বিএনপি দলটি নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে। বিএনপি দলীয় প্রধান নিজেও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা (বিএনপি) সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছেন।’

শনিবার (২৮ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির জেলা ও মহানগর কমিটির সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিএনপির সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা সম্প্রতি দেখেছি, স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মুখে পড়েছেন। যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান।

সংবিধান অনুযায়ী জিয়াউর রহমানকে কেউ স্বাধীনতার ঘোষক বলতে পারেন না। ফলে সংবিধানের কোথাও তারা ইচ্ছেমতো মানছেন আবার কোথাও মানছেন না। এই দ্বিচারিতা জনগণের কাছে উন্মোচিত হয়েছে।’

সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের রায়কে দ্রুত মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করুন। সেখানে সব সংস্কারকে বাস্তবায়ন করুন। এর যদি ব্যত্যয় ঘটে সেটা জনগণ মেনে নেবে না। রাজনৈতিক আস্থার সংকট তৈরি করবে এবং এই সংকট রাজপথে গড়াবে। আমরা চাই, সংসদের মাধ্যমে এর সমাধান হোক।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে সংসদকে কব্জা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা এখনকার সরকার দলের মধ্যেও দেখা যাচ্ছে।’ সরকারের এই অবস্থান অব্যাহত থাকলে জনগণ আবার রাজপথে তাদের মতামত জানাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন– নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্যসচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী, সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্যসচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading