চাঁপাইনবাবগঞ্জে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৬ জন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, আপডেট ১২:৫২
চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মাঝে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। শয্যা সংকটে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত গত তিন মাসে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাম রোগের লক্ষণ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২৯৩ জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। বর্তমানে হাসপাতালটির হাম আইসোলেশন কর্নারে ভর্তি রয়েছেন ৭৬ জন রোগী।
গত দুই দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় তিন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে।
টিকা না নেয়ার কারণেই রোগীর এমন অতিরিক্ত চাপ বলে মনে করছেন চিকিৎসকরা। এ অবস্থায় সুস্থ শিশুদের অসুস্থ বা জ্বর থাকা শিশুদের সাথে মিশতে না দেয়ার এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সামাদ বলেন, ‘লোকবল সংকটে চিকিৎসা বাধাগ্রস্ত হলেও আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, খুব শিগগিরই অবস্থার উন্নতি হবে।’
তিনি আরও বলেন, ‘করোনার পর টিকা গ্রহণের প্রতি আগ্রহ কমার প্রভাব পড়েছে। দুই বছরের কম বয়সী শিশুরাই বেশিরভাগ আক্রান্ত হয়েছে। আমাদের হাসপাতালে একটি ইউনিট আছে, যা কিডনি বা ডায়ালাইসিস ইউনিট হিসেবে ছিল। পরে আমরা সেই ইউনিটকে হাম ইউনিট করেছি।’
হামের ঝুঁকির কথা উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘হাম এমন একটা রোগ, যা সহজেই এক শিশু থেকে আরেক শিশুকে আক্রান্ত করার ঝুঁকি থাকে। তাই তাদের আলাদা করার জন্য আইসোলেশন ওয়ার্ড করেছি। ফেব্রুয়ারির শুরু থেকেই আমাদের এই আইসোলেশন ওয়ার্ড চালু আছে। তাদের ভিটামিন এ-সহ পূর্ণাঙ্গ চিকিৎসা দেয়া হচ্ছে।’
ইউডি/রেজা

