আমেরিকার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

আমেরিকার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:১৫

আমেরিকার দেয়া ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ শুক্রবার (৩ এপ্রিল) এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, গত বুধবার নাম প্রকাশ না করা একটি বন্ধু দেশের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছিল।

তবে সেই প্রস্তাব বা এর সত্যতা নিয়ে আমেরিকার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি।

ফার্স নিউজ বলছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখনই এ প্রস্তাব সামনে আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধ বন্ধে আমেরিকার কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে।

এদিকে শুক্রবার (৩ এপ্রিল) কয়েক ঘণ্টার ব্যবধানে আমেরিকার দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। হোয়াইট হাউসের কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমানে থাকা ক্রুদের উদ্ধারে তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ইরানের সেনাবাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের আকাশে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। বিমানটিতে থাকা ক্রুদের উদ্ধারের মিশনে থাকা আরেকটি আমেরিকার এ-১০ মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, এফ-১৫ যুদ্ধবিমানটিতে দুজন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং অন্য বিমানসেনা এখনও নিখোঁজ। নিখোঁজ ওই সেনার সন্ধানে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর।

তথ্যসূত্র: রয়টার্স, ফার্স নিউজ

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading