ডিজেল নিয়ে নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে ২১টি ওয়াগন
উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৮:৫০
৪৫ দিন পর ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল নিয়ে নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে তেলবাহী ২১টি ওয়াগন।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১ টার দিকে তেলবাহী ওয়াগনটি নাটোর রেল স্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনার রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে।
এসময় সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে রেলহেড ডিপোগুলোতে অবস্থান নেয় সেনা সদস্যরা। এর ফলে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ডিজেল সংকট অনকটা লাঘব হবে বলে জানায় ডিপো কর্তৃপক্ষ।
পদ্মা অয়েল ডিপোর সিনিয়র অফিসার ফজলে এলাহী জানান, এখান থেকে ৪ জেলার ৬৭টি পাম্প এবং এজেন্সিগুলোতে সরাসরি ডিজেল পাঠানো হবে। এর ফলে চলতি আবাদ মৌসুমে কৃষকদের সেচ কাজে তেল সংকট লাঘব হবে।
পরে বিকেল ৩টায় সেনাবাহিনীর কড়া প্রহরায় ট্যাংক লরিতে তেল খালাস শুরু হয়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সবশেষ ৯ লাখ ৫৭ হাজার লিটার ডিজেল নিয়ে পদ্মা, মেঘনা ও যমুনার নাটোর রেলহেড ডিপোতে ওয়াগন এসেছিল।
ইউডি/রেজা

