শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে: সিইসি

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে: সিইসি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হচ্ছে।”

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুই আসনের নির্বাচন উপলক্ষে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষ তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, “এই দুই আসনের নির্বাচন যেন আগের যে কোনো নির্বাচনের চেয়ে ভালো হয় এবং কোনোভাবেই খারাপ না হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে শেরপুর-৩ আসন সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বিজিবি, র‍্যাব, আনসারসহ সংশ্লিষ্ট বাহিনী কার্যকরভাবে দায়িত্ব পালন করছে।”

তিনি বলেন, “সকাল থেকেই নির্বাচন কমিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিভিন্ন কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণভাবে এসে ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে ফিরে যাচ্ছেন। সামগ্রিকভাবে পরিবেশ শান্ত রয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনটি শূন্য হওয়ায় এখানে উপ-নির্বাচন হচ্ছে। শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার।

শেরপুর-৩ আসনেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading