জ্বালানির দাম সমন্বয় নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:১৪
সংকটময় পরিস্থিতির উন্নতি না হলে দেশে জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ বলেন, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে দীর্ঘ সময় জ্বালানিতে সরকারের ভর্তুকি দেয়া সম্ভব হবে না। এপ্রিলে দাম বাড়বে না আগেই জানানো হয়েছে। তবে বর্তমান সংকটময় পরিস্থিতির উন্নতি না হলে জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে।
আরও পড়ুন: জ্বালানি সংকটে বিপাকে রাজধানীর রাইড শেয়ার চালকরা, আয় নেমেছে অর্ধেকে
এর আগে গত ৩১ মার্চ জ্বালানি বিভাগ জানিয়েছিল, এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত মার্চেও অপরিবর্তিত ছিল জ্বালানি তেলের দাম। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছিলেন, জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।
এদিকে, বুধবার ভুল তথ্য ও অপতথ্য প্রচারের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে জানিয়ে ডা. জাহেদ বলেন, এ বিষয়ে নীতিমালা তৈরি হয়েছে। তথ্য মন্ত্রণালয়ে একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অসত্য তথ্য প্রচার করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
মব সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে মব তৈরি করা হয়েছে, যার কারণে অনেকেই উৎসাহিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে পরিকল্পিতভাবে সংঘটিত মব সন্ত্রাসের ঘটনাগুলোও খতিয়ে দেখা হবে।
ইউডি/রেজা

