ব্যালন ডি’অর ট্রফিটি কোথায় রেখেছেন দেম্বেলে?

ব্যালন ডি’অর ট্রফিটি কোথায় রেখেছেন দেম্বেলে?

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:০০

২০২৫ সালে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। মজার ব্যাপার হচ্ছে, ট্রফিটি কোনো শোকেসে নয়, বরং অতি সাধারণ এক জায়গায় সাজিয়ে রেখেছেন এই ফরাসি ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে হারানোর পর থিয়েরি অরির করা এক প্রশ্বের জবাবে এই মজার তথ্যই দেন তিনি।

মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে পিএসজির ২-০ গোল ব্যবধানে জয়ে নায়ক ছিলেন দেম্বেলে। ৭২ এবং ৯১ মিনিটে গোল করে অলরেডদের স্তব্ধ করে দেন তিনি। ম্যাচ শেষে সিবিএস স্পোর্টস গোলজোর স্টুডিওতে সরাসরি যুক্ত হন এই ফরাসি ফুটবলার। শুরুতে রসিকতা করে বলেন, ‘আমার ইংরেজি খুব খারাপ’, এরপর নিজের মাতৃভাষা ফরাসিতেই আলাপ চালিয়ে যান।

সাক্ষাৎকারের এক পর্যায়ে ফরাসি কিংবদন্তি থিয়েরি অরি তাকে জিজ্ঞেস করেন, ২০২৫ সালে জেতা ব্যালন ডি’অর ট্রফিটি তিনি আসলে কোথায় রেখেছেন? হেসেই দেম্বেলের উত্তর ছিল খুব সহজ। ‘এটা আমার টিভির ঠিক সামনে রাখা আছে। ঠিক ছোটবেলায় যেমনটা হতো, কোনো ট্রফি জিতলে মা যেমন টিভির পাশে সাজিয়ে রাখতেন, এটাও ওভাবেই রাখা।’

দেম্বেলের এমন শিশুসুলভ এবং বিনয়ী উত্তরে হাসির রোল পড়ে যায় স্টুডিওতে। অরি তার প্রশংসা করে বলেন, ‘যাই হোক, সাবাস! আমি সবসময় বিশ্বাস করতাম তুমি যদি ফিনিশিংয়ে আরেকটু মনোযোগ দাও, তবে প্রতিপক্ষের খেলা ওখানেই শেষ হয়ে যাবে।’

চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১৭ ম্যাচে ১০ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল ও ৮ অ্যাস্টিস্ট করেছেন দেম্বেলে। লিভারপুলকে বিদায় করার পর পিএসজি এখন সেমিফাইনালের অপেক্ষায়। সেখানে তাদের প্রতিপক্ষে হতে পারে বায়ার্ন মিউনিখ কিংবা রিয়াল মাদ্রিদ।

দেম্বেলে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আশাকরি সেমিফাইনালে এবং এরপর ফাইনালেও আমরা জিতব। আর আমাদের আবারও দেখা হবে।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading