মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান অসাধারণ: হোয়াইট হাউস
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:৩০
আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে হোয়াইট হাউস।
বুধবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই প্রশংসা করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ এ খবর জানিয়েছে।
বুধবার ওয়াশিংটন জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক পাকিস্তানে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তারা আশাবাদী।
ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেছেন, পরবর্তী আলোচনাগুলো খুব সম্ভবত পাকিস্তানের রাজধানীতেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘এসব বিষয়ে আলোচনা চলছে এবং আমরা একটি চুক্তির সম্ভাবনার ব্যাপারে ইতিবাচক বোধ করছি।’
লেভিট আরও বলেন, ‘আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই যা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো প্রক্রিয়ায় পাকিস্তানিরা অসাধারণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। এই চুক্তিটি সম্পন্ন করতে তাদের বন্ধুত্ব এবং প্রচেষ্টার আমরা সত্যিই প্রশংসা করি।’
ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত দেন। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের একটি নতুন বার্তা নিয়ে বুধবার একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছায়।
পাকিস্তানের প্রধান মধ্যস্থতাকারী ফিল্ড মার্শাল আসিম মুনির বুধবার তেহরান সফর করার প্রেক্ষাপটে হোয়াইট হাউস ইরান চুক্তির বিষয়ে তাদের আশাবাদ ব্যক্ত করে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, রবিবার থেকে ইরান ও আমেরিকার মধ্যে আদান-প্রদান করা বার্তাগুলো নিয়ে বৃহস্পতিবার তেহরানে বিস্তারিত আলোচনা করবে ইরান ও পাকিস্তান।
ইউডি/এবি

