৩ মে নয়, ২০ এপ্রিল হামের টিকা কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:৫০
আগামী ৩ মে নয়, ২০ এপ্রিল থেকে দেশব্যাপী হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শুক্রবার (১৭ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
সাখাওয়াত হোসেন বলেন, ৩ মে নয়, আগামী ২০ এপ্রিল থেকেই শুরু হচ্ছে দেশব্যাপী হামের টিকা কার্যক্রম। বগুড়ায় প্রধানমন্ত্রী টিকা কার্যক্রম উদ্বোধন করবেন। সেখানে স্বাস্থ্য সচিব থাকবেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাবনায় উদ্বোধন করবেন এবং আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্বোধন করবো। সারাদেশে শিশুদেরকে টিকা দেওয়া হবে। হাম মোকাবিলায় সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
এর আগে গত ৭ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৩ মে থেকে সারাদেশে এই টিকা কার্যক্রম শুরু হবে। শুক্রবারের সংবাদ সম্মেলনে সারাদেশে টিকা দেওয়ার চূড়ান্ত তারিখ জানানো হয়।
যক্ষার প্রসঙ্গে মন্ত্রী বলেন, কয়েক দিন ধরে পত্রিকায় দেখছি যক্ষার কার্যক্রম স্থবির হয়ে আছে। আমি সাংবাদিকদের কাজকে সম্মান করি এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে এমন কিছু নিউজ আসে, যেগুলি সত্যতার সঙ্গে কোনো মিল থাকে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফান্ড যথাযথভাবে ব্যবহার করা হয়নি। জনস্বার্থে কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই। গতানুগতিক কাজ করা হয়েছে।
মন্ত্রী বলেন, আমাদের যক্ষা টিকার কোনো ঘাটতি নেই। আগামী জুন মাস পর্যন্ত টিকা কার্যক্রম পরিচালনা করতে পারবো এবং কোনো ধরনের বাধা থাকবে না। যক্ষার দুই ধরনের টিকার মজুদ রয়েছে। টিকা ঘাটতির খবর সত্য নয়। সিরিঞ্জের ঘাটতিও নেই এবং ফান্ড আরও আনা হবে। সেইসঙ্গে পর্যাপ্ত লোকবল রয়েছে।
ইউডি/কেএস

