‘একজন নির্মাতা আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিল’

‘একজন নির্মাতা আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিল’

উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, আপডেট ০৮:৩৫

বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি লাভ করেন। তবে ‘হেট স্টোরি-থ্রি’ সিনেমায় খোলামেলাভাবে পর্দায় হাজির হয়ে সমালোচনার মুখেও পড়েন এই অভিনেত্রী।

কয়েক দিন আগে দ্য ফ্রি প্রেস জার্নালকে সাক্ষাৎকার দিয়েছেন ডেইজি শাহ। এ আলাপচারিতার জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালক তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিলেন।

ঘটনা বর্ণনা করে ডেইজি শাহ বলেন, “দক্ষিণী সিনেমার একজন নির্মাতা আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিল। কাস্টিংয়ের জন্য মুম্বাইয়ে এসেছিলেন তিনি। আমরা ৬-৭ জন মেয়ে তাকে দেখতে গিয়েছিলাম। আমাদের প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে দেখা করেছিলেন। কিন্তু ব্যাপারটি আমার ভালো লাগেনি। কারণ তিনি আমাকে স্পর্শ করেছিলেন, আমার হাত ধরে রেখেছিলেন।”

স্পর্শে কতটা অস্বস্তি বোধ করেন, তা ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “মানুষ আমাকে স্পর্শ করলে অস্বস্তি বোধ করি, এটা আমার সবসময়ই হয়। এ কারণে আমি ম্যাসাজও করি না। আমি স্পর্শ পছন্দ করি না, এমনকি কোনো নারী স্পর্শ করলেও না; পুরুষ হলে তো সেটা ভিন্ন ব্যাপার। তাই ঘটনাটা আমাকে খুব বিরক্ত করেছিল। আমি তাকে বলেছিলাম, ‘পরে জানাব’। কিন্তু সেই পরিচালকের সঙ্গে আর কখনো যোগাযোগ করিনি।”

‘জয় হো’ সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করেন ডেইজি শাহ। প্রচলিত আছে, সালমান খানের কারণে তার ক্যারিয়ার দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনের এই ধারণা সম্পর্কে ডেইজি বলেন, “এমন ভাবনা আসলে সমাজে গেঁথে যাওয়া মানসিকতার ফল।”

খানিকটা ব্যাখ্যা করে ডেইজি শাহ বলেন, “এটাও মানসিকতার কারণে ঘটে। কোনো নারী যদি কর্মক্ষেত্রে বিশেষ কিছু করে, তবে মানুষ ভাবে—নিশ্চয়ই তার পেছনে কেউ আছে, কেউ তাকে সাহায্য করছে। এতে ভুল কিছু নেই। কারণ আমি যদি আজ কাউকে সাহায্য করি, তা এজন্যই করব যে আমাকেও একসময় কেউ সাহায্য করেছিল। এটা একটা চেইনের মতো, আপনি ভালো কিছু করবেন, ভালো কিছু দেবেন, আর সেই ধারা চলতে থাকবে। কিন্তু মানুষ সেটা দেখতে চায় না। এসব এখন আমাকে আর কষ্ট দেয় না। আমি এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি।”

ডেইজি অভিনীত ‘জয় হো’ সিনেমা মুক্তির সময়ের পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, “সিনেমাটি মুক্তির সময়ে অনেক কথা হয়েছিল। এটি ২০১৪ সালের ঘটনা, সরকার পরিবর্তন হচ্ছিল, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল। আমাদের প্রচারের ধরনও অন্যদিকে মোড় নেয়। কারণ মানুষ ভাবতে শুরু করেছিল, আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছি, যা একেবারেই সত্য ছিল না। মানুষ সিনেমা দেখতে গিয়েছিল, তারা পছন্দও করেছিল। কিন্তু সিনেমাটিকে নেতিবাচকভাবে দেখানোর জন্য অনেক পেইড পিআর করা হয়েছিল।”

‘জয় হো’ সিনেমায় কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে সালমান-ডেইজির। এসব নিয়ে এ জুটির প্রেমের গুঞ্জনও চাউর হয়েছিল। তবে আলোচনার মাঝে আলাদা হয়ে যায় তাদের দুটো পথ। যদিও এই সম্পর্ক নিয়ে তাদের কেউই কখনো মুখ খুলেননি।

ডেইজি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিহু অ্যাটাক’। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করেন—দেব মেনারিয়া, আরবাজ খান, রাহুল দেব প্রমুখ। সুজাদ ইকবাল খান পরিচালিত সিনেমাটি গত ১৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading