ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশু পাবে হাম রুবেলা টিকা

ফেনীতে ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশু পাবে হাম রুবেলা টিকা

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:১১

ফেনীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। একসময়ের মধ্যে সর্বমোট ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সারাদেশের ন্যায় ফেনী জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ২০ এপ্রিল শুরু হবে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে ১ ডোজ MR টিকা প্রদান করা হবে। ১১ কর্মদিবস ব্যাপার এই ক্যাম্পেইনের প্রথম ৮ কর্মদিবস কমিউনিটি ও পরবর্তী ৩ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে।

টিকাদান ক্যাম্পেইনে ফেনী জেলার কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার ২২৯ ও শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা ২৮ হাজার ১৯২, মোট লক্ষ্যমাত্রা ১ লাখ ৯৩ হাজার ৪২১। আগামী ২০ এপ্রিল সোমবার হতে প্রতি কর্মদিবসে ফেনী জেলার ৭টি স্থায়ী ও ১০৯৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ১১০৫টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুদের ১ ডোজ MR টিকা প্রদান করা হবে। যারা ইতঃপূর্বে রুটিন ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় ২ ডোজ MR টিকা নিয়েছেন, তাদেরকেসহ ৬-৫৯ মাস বয়সি সব শিশুকে এই ক্যাম্পেইনে ১ ডোজ MR টিকা প্রদান করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রগুলোতে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। টিকা গ্রহণের জন্য vaxEPI.gov.bd এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্যাম্পেইনের পাশাপাশি রুটিন ইপিআই কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।

এসময় ফেনী জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন, ডা. আমির খশরু তারেকসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading