এসএসসি পরীক্ষায় ‘মানবিক নম্বর’ নিয়ে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর
উত্তরদক্ষিণ। সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৫২
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ বছর পরীক্ষায় বাড়তি কোন মানবিক নম্বর দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র, ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষকরা কোন পদ্ধতিতে খাতা দেখছে, সেটি মনিটরিং করা হবে। খাতায় যতটুকু উত্তর লিখবে শিক্ষার্থীরা, তার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে কোন দুষ্টচক্র যদি ক্ষতিসাধন করতে চায়, দায়ীদেরকে আইনের আওতায় আনা হবে। পরীক্ষাকে কেন্দ্র করে যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সরকার আন্তরিক ও সিরিয়াস।
কোচিং সেন্টার নিয়ে তিনি বলেন, পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা থাকা না থাকা বিষয় নয়, কোচিং সেন্টারকে আমরা স্বীকৃতি দিচ্ছি না।
ইউডি/রেজা

