লোডশেডিংয়ের আওতায় যেন সংসদও থাকে: শফিকুর রহমান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:৩০
ঢাকায় লোডশেডিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে, তার আওতায় জাতীয় সংসদ ভবন এলাকাও রাখার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সংসদের বিরোধীদলীয় এই নেতা বলেছেন, “মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়। লোডশেডিংয়ের আওতায় সংসদও যেন থাকে। যদি ঢাকার অন্য অংশে এক ঘণ্টা না থাকে, এখানেও যেন এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে।
“এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে বাংলাদেশকে আমরা সর্বজনীন হিসেবে গড়ে তুলতে চাচ্ছি।”
বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, “সংসদ তো চালু রাখতে হবে। সংসদ বন্ধ করা যাবে না।”
জবাবে শফিকুর রহমান বলেন, তিনি সংসদের অধিবেশন নয়, সংসদ ভবনের অন্যান্য কার্যক্রমের কথা বলেছেন।
“আমি সংসদ ভবন বলেছি। সংসদের অধিবেশন বলি নাই। অধিবেশনের বাইরেও অনেক কর্মঘণ্টা আছে; আমি সেই কথাটাই বলেছি।”
জ্বালানি পরিস্থিতি নিয়ে বুধবার সংসদে সরকার ও বিরোধী দলের দীর্ঘ আলোচনার পর যৌথভাবে সমাধান খোঁজার প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা।
এর জবাবে বৃহস্পতিবার সরকার ও বিরোধী দলের পাঁচজন করে সদস্য নিয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দেন সংসদ নেতা তারেক রহমান। একই সঙ্গে সরকারি দলের পক্ষ থেকে পাঁচজনের নামও ঘোষণা করা হয়।
ইউডি/এবি

