এভারেস্ট জয়ের পথ আটকে দিয়েছে বিশাল এক বরফখণ্ড

এভারেস্ট জয়ের পথ আটকে দিয়েছে বিশাল এক বরফখণ্ড

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:০০

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চলতি মৌসুমের আরোহণ কার্যক্রম বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে। নেপাল দিকের প্রধান আরোহণ পথে বিশাল একটি বরফখণ্ড বাধা হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, প্রায় ৩০ মিটার উঁচু এই বরফখণ্ডটি ক্যাম্প ১ থেকে প্রায় ৬০০ মিটার নিচে অবস্থান করছে, যা মূল পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

এই পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছেন আইসফল ডাক্তার নামে পরিচিত অভিজ্ঞ শেরপারা। তারা সাধারণত দড়ি ও মই বসিয়ে আরোহণের পথ প্রস্তুত করেন। তবে কয়েক দিন ধরে চেষ্টা করেও তারা কোনো বিকল্প পথ খুঁজে পাননি।

সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটির বেস ক্যাম্প সমন্বয়কারী ছেরিং তেনজিং শেরপা জানান, কৃত্রিমভাবে এই বরফ গলানোর কার্যকর কোনো উপায় এখনো নেই। ফলে বরফখণ্ডটি স্বাভাবিকভাবে ভেঙে পড়া বা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া বিকল্প নেই।

সাধারণত এপ্রিলের মধ্যেই ক্যাম্প ৩ পর্যন্ত রুট প্রস্তুত হয়ে যায়। কিন্তু এবার তিন সপ্তাহ আগে কাজ শুরু করেও শেরপারা ক্যাম্প ১ এর নিচেই আটকে আছেন। এতে আরোহণের সময়সীমা সংকুচিত হয়ে পড়ছে, কারণ অনুকূল আবহাওয়া সাধারণত মে মাসের শেষ পর্যন্তই থাকে।

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পরিকল্পনা ভাবা হচ্ছে। এর মধ্যে হেলিকপ্টারের মাধ্যমে সরাসরি ক্যাম্প ২ এ সরঞ্জাম ও কর্মী পৌঁছে দিয়ে ওপরের অংশে রুট প্রস্তুতের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে অভিজ্ঞ পর্বতারোহী ও আলোকচিত্রী পূর্ণিমা শ্রেষ্ঠা জানিয়েছেন, রুট খুলতে দেরি হওয়ায় অতিরিক্ত ভিড়ের আশঙ্কা তৈরি হয়েছে। কম সময়ে বেশি আরোহী শৃঙ্গে ওঠার চেষ্টা করলে ঝুঁকি আরও বাড়তে পারে।

চলতি বসন্ত মৌসুমে নেপাল সরকার ৩৬৭টি আরোহণ অনুমতি দিয়েছে। অতীতে অতিরিক্ত ভিড়ের কারণে সমালোচনার মুখে পড়ায় এবার পারমিট ফি বাড়ানো হয়েছে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading