রোনালদোর জন্যই বিশ্বকাপ জিততে চান ফার্নান্দেস

রোনালদোর জন্যই বিশ্বকাপ জিততে চান ফার্নান্দেস

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:০৫

রোনালদোর শেষ বিশ্বকাপ বলে কথা! পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস তাই স্বপ্ন সাজানো শুরু করে দিয়েছেন। তাঁর ইচ্ছা- বিশ্ব সেরার ট্রফি হাতে নিয়ে রাজকীয় ঢঙে বিদায় বলবেন ফুটবলের মহাতারকা রোনালদোকে।

ব্রুনো ফার্নান্দেসের মতে, ফুটবল বিশ্বকে রোনালদো যা দিয়েছেন, তাতে একটা বিশ্বকাপ তো তাঁর পাওনা হতেই পারে! শুক্রবার বিবিসির এক আড্ডায় ওয়েন রুনিকে ব্রুনো সাফ জানিয়ে দিলেন, ৪১ বছর বয়সী রোনালদোর এই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপটা স্রেফ অংশ নেওয়ার জন্য নয়, বরং জেতার জন্যই খেলতে চান তাঁরা।

ব্রুনো বলেন, “ভাবুন তো, ক্রিশ্চিয়ানোর হাতে বিশ্বকাপ- বিদায়টা এর চেয়ে দারুণ আর কী হতে পারে? আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করব যেন পর্তুগালের জন্য আর খোদ রোনালদোর সম্মানে এটা করে দেখানো যায়।”

পাঁচটা ব্যালন ডি’অর আর ১৪৩টা আন্তর্জাতিক গোল পকেটে থাকলেও, রোনালদোর ড্রয়ারে ওই একটা ট্রফিই কিন্তু এখনো নেই। ২০১৬ এর ইউরো জিতেছেন, নেশনস লিগও জিতেছেন; এবার কি তবে ফুটবল বিধাতা সেই অপূর্ণতাটুকুও ঘুচিয়ে দেবেন?

পর্তুগালের এবারের যাত্রা শুরু হচ্ছে ১৭ জুন হিউস্টনে, কঙ্গোর বিপক্ষে। এরপর উজবেকিস্তান আর কলম্বিয়ার বাধা পেরিয়ে রোনালদো কি পারবেন মায়ামি বা মেক্সিকোর মাঠে শেষ হাসি হাসতে?

ব্রুনো তো প্রস্তুত, রোনালদোও কি শেষবারের মতো ‘সিউউউ’ বলে গর্জে উঠতে প্রস্তুত? উত্তরটা তোলা থাকল ১১ জুন থেকে শুরু হওয়া এই ফুটবল মহাযজ্ঞের জন্য!

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading