পঞ্চগড়ে ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা
উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৩৫
পঞ্চগড়ের দেবীগঞ্জে পেট্রোল পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এর আগে, শনিবার পেট্রোল সরবরাহের বিষয়টি জানতে পেরে ভোর থেকেই পাম্পে মোটরসাইকেলের লাইন দীর্ঘ হতে থাকে। বেলা সাড়ে ১২টায় তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনের জন্য ওই পাম্পে যান ইউএনও সবুজ কুমার বসাক। ঘটনাস্থলে পৌঁছেই তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স নেই এমন চালকদের স্থান ত্যাগ করার নির্দেশ দেন। এ সময় একজন মোটরসাইকেল চালকের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
তখন অপেক্ষমাণ অন্তত ৩০-৪০ জন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করে। এরপর একদল ব্যক্তি দৌড়ে এসে ইউএনওকে ধাওয়া করে ইউএনও ও সঙ্গে থাকা আনসার সদস্যের ওপর হামলা চালায়। এই সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে কিল-ঘুষি দিয়ে তার সাথে থাকা অস্ত্রটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।
ইউডি/রেজা

