পশ্চিমবঙ্গ নির্বাচন: বুথফেরত জরিপে তৃণমূলের চেয়ে এগিয়ে বিজেপি
উত্তরদক্ষিণ। বুধবার (২৯ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:০০
ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিভিন্ন বুথফেরত জরিপের ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। এতে দেখা যাচ্ছে, অধিকাংশ জরিপেই এগিয়ে বিজেপি। কোনো কোনো জরিপে আবার তৃণমূল এগিয়ে আছে। সবমিলিয়ে বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও ইন্ডিয়ার নির্বাচনি ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথফেরত বা প্রাক-নির্বাচনি জনমত জরিপ মেলে না। আবার মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল। বিজেপি সেবার পায় ৭৭টি আসন। ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে ১৪৬ থেকে ১৬১টি আসন পেতে যাচ্ছে বিজেপি, আর তৃণমূল পাচ্ছে ১২৫ থেকে ১৪০টি আসন। অন্যরা ৬-১০টি আসন পেতে পারে বলে এই সমীক্ষায় দেখা গেছে।
চাণক্য স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গের যে সমীক্ষা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, বিজেপি ১৫০ পেরিয়ে গেছে। ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে তারা। তৃণমূল পাচ্ছে ১৩০ থকে ১৪০টি আসন। অন্যরা ৬ থেকে ১০টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। তবে বাম এবং কংগ্রেসের আসন শূন্য।
পিপল্স পাল্স-এর সমীক্ষায় আবার তৃণমূল এগিয়ে। তারা পাচ্ছে ১৭৮ থেকে ১৮৯টি আসন। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। অন্যদের মধ্যে কংগ্রেস ১ থেকে ৩টি আসন এবং বামেরা শূন্য থেকে একটি আসনে জয় পেতে পারে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে।
পি-মার্কের সমীক্ষা পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে রেখেছে। তাদের মতে, এ রাজ্যে ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে দলটি। অন্যদিকে, তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যদের কোনো আসন দেয়া হয়নি এই সমীক্ষায়।
ইউডি/এবি

