দুর্ঘটনার শিকার ‘নতুন কুঁড়ি’র খুদে ফুটবলারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, আপডেট ১৩:০৫
গাজীপুরের সবুজ মাঠে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন মোহাম্মদ সোহাদা। তাতে কিশোরী এই ফুটবলারের ক্যারিয়ারই শঙ্কার মুখে পড়ে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন।
গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল শহীদ বরকত স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। মাঠের লড়াই শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত ও নিবিড় পর্যবেক্ষণের জন্য দ্রুত তাকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়।
সকালে হাসপাতালের শয্যাপাশে সোহাদার চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন প্রতিমন্ত্রী এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন। সোহাদাকে সাহস জোগাতে আমিনুল বলেন, ‘তুমি মাঠের লড়াকু সৈনিক, এই যুদ্ধেও তোমাকে জয়ী হতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার সঙ্গে আছি।’
সোহাদার পরিবারের দুশ্চিন্তা লাঘব করতে প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানান, এই মেধাবী অ্যাথলেট সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসার ব্যয়ভার তিনি ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে। উন্নত চিকিৎসায় যেন কোন ধরনের ত্রুটি না থাকে, সে বিষয়েও তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।
ইউডি/রেজা

