সুন্দরবনে বাঘের থাবার কবলে এক মৌয়াল

সুন্দরবনে বাঘের থাবার কবলে এক মৌয়াল

উত্তরদক্ষিণ। সোমবার, ১১ মে, ২০২৬, আপডেট ১১:৫৯

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

সঙ্গে থাকা মৌয়াল সূত্রে জানা যায়, রোববার (১০ মে) সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। হঠাৎ একটি বাঘ ঝোপের আড়াল থেকে এসে তার ওপর আক্রমণ চালায়। তার চিৎকারে সঙ্গে থাকা অন্য মৌয়ালরা হুঙ্কার দিয়ে লাঠি নিয়ে এগিয়ে এলে বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় সহকর্মী মৌয়ালদের সহযোগিতায় লোকালয়ে নিয়ে আসা হয়। প্রথমে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন, গত ৬ মে ১০ জনের একটি মৌয়াল দল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যায়। গতকাল তাদের মধ্যে বাবলু গাজী নামে একজন মৌয়াল বাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading