আবারও ফিরছে নেটফ্লিক্সে কালজয়ী সিরিজ ‘মানি হাইস্ট’

আবারও ফিরছে নেটফ্লিক্সে কালজয়ী সিরিজ ‘মানি হাইস্ট’

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ মে, ২০২৬, আপডেট ১০:০০

স্পেনের একটি সাধারণ সিরিজ থেকে বিশ্ব কাঁপানো পপ-কালচার আইকনে পরিণত হওয়া ‘মানি হাইস্ট’ (লা কাসা দে পাপেল) আবারও পর্দায় ফিরছে। দীর্ঘ প্রতীক্ষার পর নেটফ্লিক্স এই ফ্র্যাঞ্চাইজির নতুন প্রজেক্টের ঘোষণা দিয়েছে।

‘বেলা চাও’ গানের সুর যে এখনই থামছে না, সেটি এখন নিশ্চিত। তবে ভক্তদের প্রশ্ন, এবার কি আসছে ‘মানি হাইস্ট’-এর ষষ্ঠ সিজন, নাকি তৈরি হচ্ছে নতুন কোনো স্পিন-অফ?

সিরিজটিতে ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করা আলভারো মোর্তে স্বয়ং এই ফেরার ঘোষণা দেন। সম্প্রতি ‘বার্লিন’ সিরিজের দ্বিতীয় সিজনের প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এই খবরটি সবার সামনে আনেন।

উল্লেখ্য, আগামী ১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’ সিজন ২। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করে নেটফ্লিক্স ক্যাপশন দিয়েছে, ‘বেলা চাও এখনও বাজছে। মানি হাইস্ট-এর দুনিয়া চলতেই থাকবে।’

নতুন কী থাকছে?
নেটফ্লিক্সের পক্ষ থেকে এখনো স্পষ্ট করা হয়নি যে, এটি মূল সিরিজের নতুন সিজন হবে নাকি কোনো স্পিন-অফ। তবে স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সিরিজের স্রষ্টা অ্যালেক্স পিনা এবং ভ্যানকুভার প্রোডাকশন বর্তমানে ৪ পর্বের একটি মিনি-সিরিজের কাজ করছেন। এই মিনি-সিরিজের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন জনপ্রিয় চরিত্র কর্নেল তামায়ো (ফার্নান্দো কায়ো)।

তবে নেটফ্লিক্সের সাম্প্রতিক রহস্যময় ঘোষণাটি কি এই কর্নেল তামায়োর গল্প নিয়ে, নাকি প্রফেসরের টিমের নতুন কোনো মিশনের ইঙ্গিত—তা নিয়ে জল্পনা তুঙ্গে।

এক সময় বাতিলের খাতায় চলে যাওয়া এই সিরিজটি নেটফ্লিক্সে আসার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। ইতোমধ্যে এর স্পিন-অফ ‘বার্লিন’, দুটি তথ্যচিত্র এবং ভিডিও গেম মুক্তি পেয়েছে।

বিদ্রোহের প্রতীক লাল জাম্পসুট আর ডালি মাস্ক আবারও স্ক্রিনে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সারা বিশ্বের কয়েক কোটি দর্শক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading