পুঁজিবাজারে উত্থান, তিন মাসে সর্বোচ্চ লেনদেন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ মে, ২০২৬, আপডেট ১৬:৪২
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর মঙ্গলবার (১২ মে) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকেও উত্থান হয়েছে। পাশাপাশি ঢাকার এই পুঁজিবাজারে এদিন প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত ছিল ৬৭টির দর।
অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে। সূচকটি এর আগে টানা পাঁচ কার্যদিবস কমেছিল।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৯ পয়েন্টে নেমেছে।
এদিকে আজ ডিএসইতে মোট ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এক্সচেঞ্জটিতে আজকের এই লেনদেন গত ১৭ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। ওইদিন ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। তছাড়া আজকের লেনদেন গতকালের তুলনায় ৩৮৬ কোটি ৫৫ লাখ টাকা বেশি। গতকাল ঢাকার এই পুঁজিবাজারে ৭১৪ কোটি ৯৭ লাখ টাকা লেনদেন হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৮৪ পয়েন্টে অবস্থান করছে। আর এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক সিএসসিএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪০ পয়েন্টে উঠেছে।
চট্টগ্রামের এই পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দর। এদিন মোট ২১ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ২০ কোটি ৫১ লাখ টাকা।
ইউডি/রেজা

